মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বেনাপোল সীমান্তের পাঁচভুলোট গ্রাম থেকে বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা হাতবোমাগুলো উদ্ধার করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে। এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।অভিযুক্ত মেহেদি হাসান যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের ছেলে।
খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমা ৬ টি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি): প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনো ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঘরমুখো মানুষের চাপে ঢাকা-আরিচা মহাসড়কের অংশে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে কোথাও যানজটের কোনো খবর পাওয়া যায়নি।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা- আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর থেকে-বাড়বাড়িয়া পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার যানজট মুক্ত রাখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে ধামরাই থানা পুলিশ। একই সাথে ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের ১০ জন সদস্য ও স্কাউট এর ২৫ জন সদস্য যানজট নিরসনে কাজ করছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, গত কয়েকদিন ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ব্যস্ততম এলাকা ইসলামপুর বাসস্টেন্ড, ধামরাই থানারোড, ঢুলিভিটা, কালামপুর , বাড়বাড়িয়া বাজারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষ করে ঈদ ছুটিতে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সাভার ধামরাই, আশুলিয়া, পুলিশের কর্মকাণ্ড গত কয়েক বছরের থেকে বেশ দৃশ্যমান রয়েছে। যদিও যানবাহন বেড়ে যাওয়ায় যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। তারপরও যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে যানবাহন কোনোভাবেই পার্কিং করতে দিচ্ছে না পুলিশ।
পাশিপাশি সড়কের পাশে গাড়ি পার্কিং না করে নির্ধারিত স্থানে যানবাহন রাখার জন্য চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে । যারা আইন অমান্য করে মোটরসাইকেল সড়কের পাশে রাখছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সড়কে কোনো প্রতিবন্ধকতা না থাকায় প্রধান সড়কগুলোতে যানজট অনেকটাই নিরসন হয়েছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বয়স্ক ভাতা বাণিজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ার ম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী পালন করেছে বাহাদুরপুর ইউনিয়ন এলাকাবাসী।
শুক্রবার(৯ই আগষ্ট) বিকালে বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহাব মোড়ল, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নেয়ামত আলী, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান আলী(সাবেক মেম্বার )ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোড়ল,বাহাদুরপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিশ্বাস,বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ইকবাল হোসেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আল মামুন রাজু মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা একই সুরে বলেন বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এর আগেও এরকম অপরাধ করে পার পেয়ে গেছে, কিন্তু আমরা কোন প্রতিবাদ করিনি এখন যখন বয়স্ক ভাতা থেকে কমিশনের বাণিজ্য নামে প্রত্যেকের কাছ থেকে এক হাজার দুইশত টাকা করে আদায় করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,অবিলম্বে বাহাদুরপুর ইউনিয়ন থেকে মিজানুর রহমানকে বহিষ্কারের আবেদন জানাই ,স্থানীয় মন্ত্রণালয় ও শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক তার উপযুক্ত শাস্তি দাবি করেন এলাকাবাসী।
অপর দিকে সাভারের হেমায়েতপুরে যাত্রীদের অভিযোগ কাউন্টারে অতিরিক্ত টাকা ছাড়া টিকিট মিলছে না। নিকট দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে । ৪০-৬০ টাকার ভাড়া নেয়া হচ্ছে দেড়শ-দুইশ টাকা। রংপুর,ঠাকুরগা,দিনাজপুর ,রোড এর গাড়ীতো চাঁদই বলা চলে ।
আগে যে সকল স্থানের ভাড়া ছিলো ৪৫০-৫০০ টাকা এখন সেখানের ভাড়া ৯০০-১২০০ টাকা পযন্ত । এক কথায় ভাড়ার টাকা জিম্মি করে আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে ।
জিতু তালুকদার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।
৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানকালে সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মশলার মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরীর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মশলার মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে ও রং মিশিয়ে মশলা তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এ দুটি প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরি করা, মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
বিপ্লব সাভার ঃ সাভারের হেমেয়েতপুরের আলম নগর এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে ।
মোঃ কামরুল ইসলাম (৫২) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে হেমেয়েতপুরের আলম নগর এলাকায় এ ঘটনা ঘটে। মো; কামরুল ইসলাম ঢাকা জেলা পুলিশ নং ৭৫৪ ( কোর্ট পুলিশ ) ।
স্থানীয় (টি,আই) মোহাম্মদ আবেদ সাহেবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , দায়িত্ব পালনকালে মোঃ কামরুল ইসলাম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় জামাল ক্লিনিক হাসপাতালে নিয়ে এসেছি । তাহার প্রাথমিক চিকিৎসা চলছে তাহার জন্য দোয়া করবেন ।
রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতি বার সকাল দশটায় গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।গড়েয়া ইউনিয়নে বরাদ্দকৃত ২৮.মেট্রিক টন, ৯৫০কেজি চাল ১৫ কেজি হারে ১৯ শ ৩০ জনের মধ্যে কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ)ও টেক অফিসার হরি প্রসাদ রায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস আলী, ইউপি সচিব সুবীর চন্দ্র সেন, গড়েয়া ইউনিয়ন পরিষদের সকল ওয়াড সদস্য সহ সংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠু ভাবে চাল বিতরণ করতে পারায় গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানান।
হুমায়ুন কবির, রানীশংকৈলে (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আলী আকবর অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে ডেঙ্গু প্রতিরোধে ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এক মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা, মীরডাঙ্গী বালাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক হুমায়ুন কবির।
এছাড়া কর্মসূচিতে স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
শামীম নারায়ণগঞ্জ ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাসায়নিক দ্রব্য দিয়ে নকল ও ভেজাল দুধ উৎপাদনের দায়ে একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অর্ধকোটি টাকা জরিমানা করেছে র্যাব-১১ এর পরিচালিত ভ্রাম্যমান আদালত। বিএসটিআই ও পানি সম্পদ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
বুধবার (৭ আগস্ট) দুপুর বারোটা থেকে টানা চার ঘণ্টাব্যাপী ভেজাল বিরোধী অভিযানে উপজেলার পুরিন্দা বাজার এলাকায় ‘বারো আউলিয়া ডেইরী মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড’ থেকে এই জরিমানা আদায় করা হয়।
একই সাথে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়াসহ এর সাথে সম্পৃক্ত ১২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কালাম আজাদ ওরফে শাহীন (৩২), আব্দুল আজিজ (৫৬), মো. আমিনুল হক (৫৪), মো. রায়হান মিয়া (২১), আরিফুল ইসলাম (২৭), মো. আবুল কাশেম (৩২), মো. তারেক মাহমুদ (৩০), টুটুল সরকার (২৮), রিফাত আহমেদ (২৩), মো. দ্বীন ইসলাম (৩৮), মো. আসিফ শেখ (১৮) এবং মো. জাফর (৪০)। এদের মধ্যে ছয়জনকে দু’বছর ও ছয়জনকে ছয়মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, এই প্রতিষ্ঠান স্কীমড পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ এবং দুধের সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও দধি উৎপাদন করে ‘ডেইরী ফ্রেশ’’ ব্র্যান্ডে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে।
এছাড়াও উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিএসটিআই আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা এবং ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করাসহ ওই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
রাজধানীতে বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকেই মৌসুমী বায়ুর প্রভাব শুরু হয়ে গেছে। যদিও রাত থেকেই ঝুম বৃষ্টি হচ্ছিল। তবে ভোরের দিকে একটু থামলেও সাড়ে ৫টা থেকে টানা বৃষ্টি হয়ে আসছে। আবহাওয়া অফিসের মতে, আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বুধবার (০৭ আগস্ট) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭০ মিলিমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বৃহস্পতিবারও (৮ আগস্ট) বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম- এই চার বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ- এই তিন বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর বাইরে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতর আরও বলছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।