21 C
Dhaka, BD
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বৃক্ষরোপণ ।

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সীমান্তে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া বিওপি ক্যাম্পের চারপাশে আনুষ্টানিকভাবে এ গাছ রোপন করা হয়।

বিজিবির তথ্য মতে, প্রায় দুই হাজার আম্রপালি জাতের আমগাছ রোপণ করা হয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০ (বিজিবি) পক্ষ থেকে।

গাছ রোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, কোটপাড়া বিওপি ক্যাম্পের কমান্ডার জহির, আমজানখোর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মতিনসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, পরিবেশ রক্ষায় গাছ রোপনের কোন বিকল্প নেই। প্রত্যেকে যদি অন্ত্যন্ত একটি করে গাছ রোপন করি তাহলে পরিবেশ সুরক্ষা থাকবে সব সময়। তাই পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বেগম জিয়ার দুর্নীতির গন্ধ ছড়াবে এবার বিদেশেও -তথ্যমন্ত্রী ।

মীর আকরাম উদ্দীন আহম্মদ-সিনিয়র তথ্য অফিসারঃ মীর আকরাম তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘

বেগম জিয়ার শাস্তি হয়েছে এতিমদের অর্থ আত্মসাতের অপরাধে। এ দুর্নীতির কথা সারা দেশের মানুষ জানে। তার মুক্তির জন্য বিএনপি যদি বিদেশে ধর্ণা দেয়, তাহলে খালেদা জিয়ার দুর্নীতি দেশে যে দুর্গন্ধ ছড়িয়েছে, তা এবার বিদেশেও ছড়াবে।’

সোমবার বিকেলে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার কার্যালয়ে দলের প্রচার উপকমিটির বৈঠকের শুরুতে ‘বেগম জিয়ার মুক্তির জন্য বিএনপি বিদেশিদের শরনাপন্ন হতে যাচ্ছে’ -এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় বিএনপি মহাসচিবের ‘আওয়ামী লীগ চামড়াশিল্প ধ্বংস করে দিতে চায়’ এমন মন্তব্যের প্রতি সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী ড. হাছান বলেন, ‘চামড়াশিল্প নিয়েও বিএনপির অপরাজনীতি সফল হয়নি। বর্তমান সরকারের আমলে চামড়া রপ্তানি ৪০০ মিলিয়ন ডলার থেকে সবমিলে ২ বিলিয়নে উন্নীত হয়েছে। দেশে গত দশবছরের অর্থনৈতিক উন্নয়নে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে পশু কোরবানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, আগের ৩০-৪০ লক্ষ পশুর জায়গায় এখন প্রায় ১ কোটি পশু কোরবানি হয়। সে তুলনায় ট্যানারির সংখ্যাবৃদ্ধি ঘটেনি, যদিও অনেক চামড়াশিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বেড়েছে, কিন্তু পরিবেশবান্ধবতা নিশ্চিত করার বাধ্যবাধকতায় চট্টগ্রামসহ বেশকিছু স্থানে ট্যানারি বন্ধও হয়ে গেছে। এবারের ঈদে এ অবস্থারই সুযোগ নিতে চেয়েছিল কিছু মুনফালোভীরা। সেকারণেই চামড়ার দরপতন হয়। আর বিএনপি চেয়েছিল এটা নিয়ে অপরাজনীতি করতে। কিন্তু তারা সফল হয়নি, সরকার সিন্ডিকেটের বিষয়টি পূর্ণ তদন্ত করছে। ইতোমধ্যেই তদন্তে অনেক তথ্য বেরিয়ে আসছে।’

আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রকারী, তাদের সমমনা সন্তান ও দোসরেরা বিভিন্ন দলের নামে তাদের চক্রান্তমূলক কর্মকান্ড ও গুজববিস্তারের প্রমাণ করেছে, তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এরা যেখানেই থাকুক, বিচারের আওতায় আনতে হবে।’

প্রচার সম্পাদক ড. হাছান উপকমিটির বৈঠকের বিষয়াদি সম্পর্কে জানান, ডেঙ্গু ও গুজব বিস্তার প্রতিরোধ এবং আগামী ২৮ সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপকমিটির সদস্য সুভাষ সিংহ রায়, তারিক সুজাত, কাশেম হুমায়ুন, এনামুল হক খসরু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক আসামীদের রায় কার্যকর করার দাবীতে মানব বন্ধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাই থানা ছাত্রলীগ ও যুবলীগের নিবেদিত প্রাণ নেতা- কর্মীরা বিশ্ব বন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল হত্যাকারীদেরকে দেশে এনে মহামান্য আদালতের রায় কার্যকর করার দাবীতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই ঢুলিভিটায় শত শত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্হিতিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।মানব বন্ধন কর্মসূচী শেষে ডিসির বরাবর স্মারক লিপি”টি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম এর নিকট প্রদান করেছে।

এ’কর্মসূচির উদ্যোক্তা ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন- আহবায়ক ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি- ধামরাই উপজেলা যুবলীগ নেতা জাকারিয়া দীপু, ধামরাই উপজেলার ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক রবিউল আওয়াল, সহ উপস্হিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা তুষার আহমেদ,নওশাদ খান শুভ,ঢাকা জেলা ছাত্রলীগ নেতা- রবিন খান রিজভী, জুবায়ের আহমেদ অনিক,ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা সুমন হোসেন সহ অন্যান্য ছাত্রলীগ ও যুবলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

মানব বন্ধন এ’কর্মসূচীতে ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বলেন- জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের চার দশক পরও মহামান্য আদালতের ১২জন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ছয় জনের রায় কার্যকর হয়েছে এখনো বাকী ছয় জন বিভিন্ন দেশে পলাতক রয়েছে।

এরা হলেন- লে,কর্ণেল খন্দকার আব্দুর রশিদ,মেজর শরিফুল হক ডালিম,রিসালদার মোসলেহ উদ্দিন খান, লে, কর্ণেল রাশেদ চৌধুরী,মেজর নূর চৌধুরী ও ক্যাপ্টেন আব্দুল মাজেদ।

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা ও ধামরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ধামরাই উপজেলা শাখার যুবলীগ নেতৃবৃন্দের দাবী এই নরপশু খুনীদের আদালতের বিচারের রায় প্রলম্বিত করা হোক তা চায় না।

কাজেই মানণীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যুবলীগ ও ছাত্রলীগের চাওয়া একটাই অবিলম্বে এই নৃংশক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও বাস্তবায়নের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহন করা হউক।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭৫০ পিস ইয়াবাসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে নাচোল থানা পুলিশ।

আটক ব্যাক্তি উপজেলার নেজামপুর ইউপি’র স্টেশন পাড়ার মুনসুর রহমানের ছেলে আব্দুর রাহিম(২১)। নাচোল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ রবিবার রাত সাড়ে ১১টার তদকে উপজেলার নেজামপুর রেল স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে আব্দুর রাহিম নামের ওই ব্যক্তিকে ৭৫০পিস ইয়বাসহ হাতেনাতে আটক করে। আটক আব্দুর রাহিম ইয়াবা ব্যবসার সাথে দীর্ঘদিন থেকে জড়িত বলে সে পুলিশের কাছে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ১৮ লাখ ভারতীয় রুপিসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ১৭ লাখ ৬০ হাজার ২শত” ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিন (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা ।

রবিবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় তাকে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে আটক করা হয়।

আটক জমির উদ্দিন চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমান রুপি পাচার করে এনে একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ২শত” ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমিরকে আটক করা হয়।

আটক জমিরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি নিশ্চিত করেন।

ধামরাইয়ে কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ায় জীবন্ত মাটি চাপা দেবার চেষ্টা বাবার।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে পুত্র সন্তানের আশায় চতুর্থ সন্তান ও কন্যাসন্তান হওয়ায় নবজাতক শিশু টিকে জীবন্ত মাটি চাপা দেয়ার চেষ্টা করেন বাবা। জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম সূত্রাপুর গ্রামের মো. রেজ্জেক আলী বেপারীর ছেলে মো. নয়া মিয়া বেপারী একটি ছেলে সন্তানের আশায় পরপর তিনটি কন্যাসন্তান নেন। চতুর্থবার সে আরেকটি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন।

১৭আগস্ট শনিবার সকাল ৯টার দিকে সাটুরিয়া পারভীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এবারও একটি কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী হাসনা বেগম।

খবর পেয়ে ওই নবজাতকের পিতা নয়া মিয়া স্ত্রীকে তালাক ও ওই নবজাতককে জীবন্ত মাটিচাপা দেয়ার চেষ্টা করেন। উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই নবজাতকটি জীবন্ত মাটিচাপা দেয়ার হাত থেকে রক্ষা পায়। হাসপাতালের চিকিৎসক ও আত্মীয়-স্বজনের সহায়তায় ওই নবজাতকটি জীবন্ত মাটিচাপা দেয়ার কবল থেকে বাঁচলেও অবশেষে ওই নবজাতকটিকে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ওই নবজাতকের পিতা সন্তান বিক্রি ও জীবন্ত মাটিচাপা দেয়ার কথা অস্বীকার করে জানান, আমি কোটিপতি, আমি সন্তান বিক্রি করব কী কারণে।

নবজাতকের পিতা মো. নয়া মিয়া জানান, আমার স্ত্রী কিডনি ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পক্ষে এ সন্তান লালন-পালন করা সম্ভব নয়। তাই আমি আমার স্ত্রীকে বাঁচাতে সন্তানটি অন্যের হাতে তুলে দিয়েছি। তাছাড়া আমি এত কন্যাসন্তান দিয়ে কী করব?

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ ২জনকে কুপিয়ে জখম ।

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সন্ত্রাসীর ধরালো অস্ত্রে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তার সঙ্গে থাকা আরেকজনকে কুপিয়ে যখমের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ বাপ্পি নামে একজনকে আটক করেছেন। রবিবার পৌনে ৩টার দিকে শহরের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান। আহতরা হলেন: এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু (৪৩) গোধুলি বাজার পাড়া এলাকার প্রয়াত আলাউদ্দীনের ছেলে এবং সে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। অন্যজন তার বন্ধু সাদেকুল ইসলাম সাদেক (৪২) শহরের হলপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় পুলিশ শহরের হলপাড়া এলাকার প্রয়াত নজরুল ইসলামের ছেলে বখাটে আবু সাঈদ বাপ্পিকে (৪৭) আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক লুৎফর রহমান মিঠু বলেন, দুপুরে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু সাদেকুল ইসলাম সাদেককে নিয়ে বাড়িতে ফিরছিলাম। এসময় বাড়ির দরজার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে যুবক আবু সাঈদ বাপ্পি আকষ্মিকভাবে ধারালো চাপাতি দা নিয়ে আমার উপর হামলা চালায়। তাকে প্রতিরোধ করতে গেলে সে আমার কপালে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে যখম করে।

এসময় বন্ধু সাদেক বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করে বখাটে বাপ্পি। পরে স্থানীয় লোকজন সাংবাদিক মিঠু ও তার বন্ধু সাদেককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক মো: শিহাব বলেন, আহত সাংবাদিক মিঠুর কপালের ক্ষতস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে ও তার বন্ধু সাদেকের হাতে আঙ্গুলে ৩টি সেলাই দেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান মিঠুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলার সকল সাংবাদিকরা।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় ওতপ্রোতভাবে জড়িত -তথ্যমন্ত্রী ।

মীর আকরাম উদ্দীন আহম্মদ-সিনিয়র তথ্য অফিসারঃ তথ্যমন্ত্রীর দপ্তর ঢাকা প্রেস রিলিজ জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় ওতপ্রোতভাবে জড়িত -তথ্যমন্ত্রী ঢাকা,

রোববার ১৮ আগস্ট ‘১৯ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় ওতপ্রোতভাবে জড়িত। জিয়াসহ হত্যাকান্ডের নেপথ্য কুশীলবদের বিচার না হওয়া পর্যন্ত জাতির পিতার হন্তারকদের বিচার সম্পূর্ণ হবেনা। ‘

রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড অায়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে জাতির পিতার জীবনকে অকুতোভয় সংগ্রামের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। ‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের জন্য একটি কমিশন গঠন এখন সময়ের দাবি’ বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচার এখনও সম্পূর্ণ হয়নি, কারণ, পলাতক খুনি ও বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচার এখনো হয়নি। এজন্য একটি কমিশন গঠন করে বিচার সম্পন্ন হলে তা ন্যায়প্রতিষ্ঠার উদাহরণ হয়ে থাকবে।’

এসময় জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য ‘বেগম জিয়া পাকিস্তানি সেনাদের কাছে যে সম্মান পেয়েছিলেন, এখন তাও পাচ্ছেন না’ -এর প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘এমন মন্তব্যে স্বভাবতই প্রশ্ন জাগে, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর কাউকে পানি খাওয়ানোর অপরাধেই পাকিস্তানি সেনারা মানুষ হত্যা করেছে, দু’ লক্ষ সত্তর হাজার মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে, সেই পাকিস্তানি সেনারাই বেগম খালেদা জিয়াকে এতো খাতিরের কারণ কি? তদন্তের মাধ্যমে তা জানার চেষ্টা করা উচিত।’ ‘বঙ্গবন্ধু হত্যার পরই ষড়যন্ত্রকারীরা ইতিহাস বিকৃতির পাঁয়তারা শুরু করে’ উল্লেখ করে উদাহরণস্বরূপ মন্ত্রী বলেন, ‘বিএনপি’র একসময়ের নেতা সাদেক হোসেন খোকা বলেছিলেন তিনি না কি ঢাকা থেকে চট্টগ্রাম বেতারে দেয়া জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে গিয়েছিলেন, যা সর্বৈব মিথ্যা। কারণ, চট্টগ্রাম বেতারের তখনকার সম্প্রচার আওতা ছিল ১০ কিলোওয়াট, যা কার্যত ছিল ৬ কিলোওয়াট। এখন তা ১০০ কিলোওয়াট হলেও চট্টগ্রামের বাইরে বেশি দূর তা শোনা যায় না।’

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার ঘোষণা প্রথম চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান। তারপর তারা একজন সেনা অফিসার দিয়ে ঘোষণা পাঠ করানোর জন্য জিয়াকে পাঠ করতে দেন। প্রথমবার জিয়াউর রহমান ভুল পড়েন, পরে তা শুধরে আবার পাঠ করেন। তিনি সেটা চার দেয়ালের মধ্যে পাহারায় থেকে পাঠ করেছিলেন আর চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসের কর্মচারি নূরুল হক জীবন বাজি রেখে ২৬ মার্চ সারা চট্টগ্রাম শহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা রিকশায় মাইকিং করেছে।’

‘স্কুলের পিয়ন ঘন্টা বাজালে ছুটি হয়, তার মানে এই নয় যে ছুটি দেয়ার মালিক সে, তেমনি স্বাধীনতার ঘোষণাদানকারীর আর ঘোষণার পাঠকের পার্থক্যও না বোঝার কোনো কারণ নেই’, বলেন তথ্যমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান তার বিশেষ আলোচকের ভাষণেও বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ভূমিকার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সভায় তথ্যসচিব অাবদুল মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নিজামুল কবীর তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুল হকসহ তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।

সভাশেষে মন্ত্রী প্রতিমন্ত্রী ও অতিথিবর্গকে নিয়ে তথ্য ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

ধামরাইয়ে মামার বাড়িতে স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে শেখ সোহান নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে ।

রোববার (১৮ আগষ্ট) ভোররাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে । সোহান গাজীপুর জেলার বরাইত গ্রামের শেখ শাহিনের ছেলে।

জানা গেছে, সোহানের জন্মের ৭ মাসের মাথায় তার বাবা শেখ শাহিন দ্বিতীয় বিয়ে করে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে য়াওয়ায় সোহান তখন থেকেই তার সৎ মায়ের কাছে বড় হতে থাকে। তার নিজের মাও প্রবাসে আছেন।

সোহানের মামা জুয়েল বলেন, ৫ মাস আগে সোহান আমাদের বাড়িতে আসে এবং রোয়াইল উচ্চ বিদ্যালয়ে ৭ ম শ্রেণিতে ভর্তি হয়। এখানে থেকেই সে পড়াশোনা করবে বলে জানায়। আর বাড়ি যাবে না। সে বাবার বাড়িতে থাকার সময়ই বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করত।

তিনি বলেন, আজ (রোববার) সকালে সোহান ঘুম থেকে না উঠায় তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোন সাড়া না পাওয়ায় তার ঘরের বেড়া কেটে ঘরে ঢুকলে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ধামরাই সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সংকর চন্দ্র সরকার বলেন, আমরা লাশটি থানায় নিয়ে এসেছি। তার মামা জুয়েল বাদি হয়ে মামলা করেছে। তবে কি কারণে সোহান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্ত করার জন্য লাশটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল মীরডাঙ্গীতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু ।

হুমায়ুন কবির, রাণীশংকৈলে ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অটো চার্জার মেকার জিয়ারুল (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সে উপজেলার সুন্দরপুর গ্রামের খোরসেদ আলমের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রমতে ১৮ আগস্ট বুধবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে অটোবাইক মেরামতের জন্য ঝালাই করার সময় বডিতে বিদ্যুৎতায়িত হলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক বাজারের আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার মৃত বলে ঘোষনা করেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন এ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ আপডেট...