মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: টানা ৩৪ ঘন্টা বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হস্তক্ষেপে বুধবার বিকেল ৫টা থেকে পুনরায় চালু হয়েছে। সমস্যা সমাধানে বুধবার দুপুরে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন ভবনে ব্যবসায়ী সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের সাথে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে ড্রাইভারদের কাছ থেকে বকশিষের নামে অতিরিক্ত টাকা না নেয়ার সিদ্ধান্ত হলে বিকাল ৫টার দিকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়। আমদানি-রপ্তানি চালু হওয়ায় বন্দরে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী, ট্রান্সপোর্ট মালিক এসোসিয়েশন, ট্রাক চালক নেতৃবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ।
বেনাপোল কাষ্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দু‘দেশের ব্যবসায়ীদের মাঝে সমঝোতা বৈঠকের পর বিকালে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
উল্লেখ্য ভারত থেকে রপ্তানি পণ্য নিয়ে কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে বেনাপোল বন্দরে নানা পয়েন্টে বকশিষের নামে মোটা অংকের টাকা গুনতে হতো। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭টা থেকে ভারতের ব্যবসায়ীসহ ট্রাক শ্রমিকরা দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় উভয় বন্দর এলাকায় আটকা পড়ে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য।
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ রহস্যজনক কারনে ঠাকুরগাঁও-৩ এর বিএনপি দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান সম্প্রতি তার ডিও লেটারের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটাকে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সভাপতির চলমান পদ থেকে সরিয়ে দিলেন।
এমপি’র ঐ সুপারিশকৃত চিঠির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে কলেজ পরিদর্শক ড.মনিরুজ্জামানের গত ২৫/০৭/২০১৯ খ্রি. স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রানীশংকৈল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হককে মহিলা কলেজের নূতন সভাপতি পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে ঐ মহিলা কলেজ ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রসঙ্গত: সরকারি বিধি অনুযায়ি কোনো এমপিওভূক্ত শিক্ষক কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না বিধায় সইদুল হকের সভাপতি হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সংসদ সদস্য আলী আকবরের কন্যা রানীশংকৈল উপজেলা মহিলা লীগ সভানেত্রী, দু’বারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা গত ২০১৪ খ্রি. জাতীয় সংসদের ৩০১ (ঠাকুরগাঁও-পঞ্চগড়) সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হন। ঐ কলেজের সভাপতি থাকাকালে তিনি কলেজের অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের বেতন নিয়মিত করন ও বোনাসবৃদ্ধি, ক্লাস নিয়মিত করনসহ বিভিন্ন উন্নয়ন সাধন করেন। তার সভাপতির মেয়াদ আগামি ২০/০৭/২০২০ খ্রি. পর্যন্ত বহাল আছে। কিন্তু তার আগেই তাকে স্থানীয় এমপি জাহিদের হস্তক্ষেপে সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হলো।
এ ব্যাপারে মহিলা কলেজ অধ্যক্ষ তফিল উদ্দীন বিস্ময় প্রকাশ করে বলেন- আমি তো এ বিষয়ে কিছুই জানিনা, এর চিঠি পেয়ে আমি মাননীয় এমপি জাহিদুর রহমানের কাছে গেলে তিনি আমাকে বলেছেন, এটা নাকি তিনি রাজনৈতিক চাপে করেছেন।
সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- সাবেক মহিলা এমপি ঐ কলেজের সভাপতি ছিলেন, এটা আমি জানতাম না এবং তিনি আমার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেননি। আওয়ামী লীগ সভাপতি সইদুল হক যোগাযোগ করেছেন তাই তাকে ডিও লেটার দিয়েছি। এজন্য কোনো রাজনৈতিক চাপ ছিল কিনা,
এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। এ নিয়ে ঐ কলেজ ও এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার আরও দুজন সহকারী নির্বাচন কমিশনার বাছাই করে জাকসুর পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন। আমরা আশা করছি দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে শীঘ্রই জাকসু নির্বাচন আয়োজন করতে পারব।’
জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘জাকসু প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এছাড়া এ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। আমি সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছে। লিখিত আদেশ হাতে পাইনি এখনো। ওটা পেলে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করব।’
প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর বন্ধ থাকার পর জাকসু প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের পূর্বে উপাচার্য ফারজানা ইসলাম জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং এ বছরের নভেম্বর মাসে নির্বাচন প্রদানের প্রতিশ্রুতি দেন। নির্ধারিত সময়ের শেষ দিনে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের প্রথম চ্যালেঞ্জ পার করল উপাচার্য ফারজানার প্রশাসন।
উল্লেখ্য, ২০১৩ সালে সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জাকসু নির্বাচনের ঘোষণা দেন। এ ঘোষণায় তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সাড়া পড়ে। সেসময় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজকে প্রধান করে নির্বাচন কমিশনও গঠন করা হয়। কিন্তু নানা নাটকীয়তা শেষে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২৬ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে বিলকেস্টি মৌজায় ১নং খাস খতিয়ান ভুক্ত ৭০একর সরকারি সম্পত্তির অবৈদ দখলদারের হাতে।
কাগজ-পত্র ছাড়াই প্রভাব খাটিয়েএলাকার মানুষকে ভয় দেখিয়ে হাওয়ার উপরে প্রায় ৭০ একর সরকারী খাস জমি দখল করে বছরের পর বছর খায় মালিক মোঃ ফজলুল হকসহ কয়েকজন।সেই জমি আবার অন্যনের কাছে পত্তন রেখে প্রভাব খাটিয়ে দিনের পর দিন খাইতেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে সরকারী খাসজমি দখলে রাখলেও প্রশাসনের পক্ষে সরকারের খাসজমি উদ্ধারের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ফলে সরকার ত্রিশ বছরে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখাযায়। এই নিয়ে এলাকার লোকজন একত্র হয়ে প্রভাবশালী ফজলুল হকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মৌখিক ভাবে একটি অভিযোগ দিয়েছে বলে জানান স্হানীয়রা ।
স্থানীয়সুত্রে জানাযায়, ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বিলকেষ্টি মৌজার স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় একটি ভুমিদস্যু চক্র প্রায় ৭০একর সরকারী খাস জমি দখল করে ঘরবাড়ী ও চাষাবাদ করে বছরের পর বছর ভোগ করতেছে। দখলদারদের অনেকেই দালান-ঘরবাড়ী ও ব্যাবসা প্রতিষ্ঠান করেছে।এছাড়া জমিতে ধান,গম, পাট, ভুট্টা সহ বিভিন্ন ধরণের ফসল চাষ করে। এই থেকে বছরের কোটি কোটি টাকা আয় করলে ও সরকার এখান থেকে কোন রাজস্ব পাচ্ছে না। অবাক করার বিষয় হল প্রশাসনের নাকের ডগায় শত কোটি টাকার মুল্যের এইসব খাসজমিতে পাকা বাড়ী নির্মাণ করলেও স্থানীয় ভুমি অফিস থেকে কোন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি এলাকাবাসির।
অনুসন্ধানী প্রতিবেদনে জানাযায়, ১৯৮০ সালের প্রথমদিকে প্রায় ৪০টি ভুমিহীন পরিবার কিছু ভুমিতে কাঁচা ঘরবাড়ী তৈরি করে বসবাস শুরু করে। এই সব ঘরবাড়ী আশে পাশে কিছু খাসজমি পরিস্কার করে বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করতে থাকে। পরবর্তীতে এলাকার কিছু প্রভাবশালীদের নজর পরে ঐ ভুমির ওপর। পরে প্রভাবশালীরা নিজেদের জোর খাটিয়ে ভুমি দখল করে নেয়। আরও জানাযায় কয়েকটি দাগে এই ৭০ একর খাসজমি সুতিপাড়া ইউনিয়নের প্রভাবশালী গ্রাম্য সার্ভিয়ার (আমিন) মৃত বাছের আলী ছেলে মোঃ রুবেল হোসেন, আলহাজ্ব হামে আলী, মোঃ জিয়ারউদ্দিন, মোঃ আয়নাল হকসহ কিছু ব্যাক্তির দখলে রয়েছে। এরা নিজেরা কিছু চাষ করে বাকি জমি অন্য লোকের কাছে পত্তন দিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে প্রতি বছর। আবার কেউ কেউ খাসজমির ওপর পাকা বাড়ীঘর এবং ব্যাবস্য বানিজ্য প্রতিষ্ঠিান করেছে।
এলাকাবাসির কাছ থেকে আর জানাযায়, এক সময় এই জায়গাটি নদী ছিল সেই নদী ভরাট হয়ে নদীর চর পরেছে কিন্তু নদীটি ভাংতে ভাংতে উত্তর দিকে চলে গেছে সেটার প্রমাণ হল কাগজপত্র। যেমন সি.এস ও এস এ. পরচায় নদী লেখা আছে এবং বর্তমানে আর এস পরচায় লেখা মালিক বাংলাদেশ সরকার জমির শ্রেণী নদী,খাল,নাল,বাড়ী,রাস্তা, যা এক নং খাস খতিয়ান ভুক্ত জায়গা সেই জায়গা নিজের প্রভাব খাটিয়ে জোর করে সরকারকে না জানিয়ে মোঃ বাছের আমিন নিজে ভোগদখল করে খাচ্ছে বছরের পর বছরধরে।কেউ বলতে গেলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিতেন বাছের আমিনসহ কয়েকজনে। এর ভয়ে মুখ খুলতে রাজি হয় না এলাকার লোকজন।এই ব্যাপরে এলাকাবাসি জানায় বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মৌখিক অভিযোগ করে ও কাজ হয়নি।
এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান মোঃ আনোয়ার হোসেন বলেন, এই জমিতে এক সময় নদী ছিল সেই নদী ভাঙতে ভাঙতে উত্তর দিকে রেকর্ডীয় জমি ভেঙে নদী হয়েছে আর নদী ভরে জমিতে পরিণত হয়েছে। তবে এই জমি সরকারী খাস জমি।
এই ব্যাপারে জমি পত্তনকারী ছানোয়ার হোসেন ও মৃত হায়াত আলীর স্ত্রী বলেন, আমরা দুইজনই বাছের আলীর কাছ থেকে পত্তন নিয়েছি, বাছের আলী মারা যাওয়ার পর তার ছেলে রুবেল হোসেনের কাছ থেকে নিয়েছি। ছানোয়ার হোসেন বলে আমি এক একর ৫০হাজার টাকা দিয়েছি আর হায়াত আলীর স্ত্রী বলে আমি ৯০ হাজার টাকা দিয়েছি। তারা আর বলেন আমাদের কোন কাগজ দেয়নি।
এই ব্যাপারে জমি দখলকারী মৃত বাছের আমিনের ছেলে মোঃ রুবেল হোসেন,হামে আলী,জিয়ারউদ্দিন,আয়নাল হক, ফজলুল হক, বলেন, আমরা সরকারের কাছ থেকে কিছু বন্ধবস্ত পেয়েছি সেই বলে জমি খাইতেছি।
এই ব্যাপারে সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা বলেন, বিলকেষ্টি মৌজায় বেশ কিছু খাসজমির ব্যাপারে জেনেছি। কিন্তু খাসজমিতে ঘরবাড়ী তৈরির ব্যাপারে আমাকে কেউ কিছু জানায় নি। বরং আমার কাছ থেকে কেউ কোন অনুমতি নেইনি।
এই ব্যাপারে সোয়াপুর ভুমি অফিসের সহকারী অফিসার মোঃ গরিব শাহ বলেন, এর আগে আমরা জানতাম না যে সুতিপাড়া ইউনয়নে এত বড় খাসজমি আছে।
এই ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, সরকারী খাসজমিতে অনুমতি ছাড়া কেউ কোন স্থাপনা এমনকি টিনের পাকা ঘর পর্যন্ত তৈরি করতে পারবে না। এই বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক সহ দুই যাত্রী নিহত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১: ৩০ ঘটিকায় ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে নিহত হয় নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির(৫৫)মোঃসামাদ বাবু(৫৮) ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)।
প্রতক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানান, সকালে ধামরাইয়ের ধাইরা এলাকা থেকে শ্রীরামপুরে দুধ বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দূর পাল্লার বাস ভ্যান গাড়িটি চাপা দেয় ।
এতে ঘটনা স্থলে ভ্যান গাড়ির দুই যাত্রী নিহত হয় এবং ভ্যান চালক আহত হয়। পরে ভ্যান চালক আব্দুল জব্বারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিপ্লব সাভার : আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে সাভারে বিসিক শিল্প নগরী ট্যানারীতে চামড়া শিল্পনগরির সর্বশেষ অবস্থা এবং লবণ মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম।
বুধবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নেরর হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এসময় বিভিন্ন ট্যানারির মালিক ও সাংবাদিকরা ও বিসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এসময় শিল্প সচিব আব্দুল হালিম বলেন আসন্ন কোরবানীর ঈদে চামড়া শিল্প নগরীতে কাঁচা চামড়া আসতে কোন সমস্যা হবে না এখন বর্তমানে চামড়া শিল্প নগরীর অবস্থা ভালো জানিয়ে তিনি আরও বলেন চামড়া শিল্প দেশের একটি ঐহিত্যবাহী শিল্প আমাদের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকের পরেই এ শিল্পের অবস্থান এর কাঁচামালেও বাংলাদেশ সমৃদ্ধ। এছাড়া এখাতে শতকরা ৬০ ভাগ মুল্য সংযোজনের সুযোগ রয়েছে আমরা ২০২১ সাল নাগাদ এ শিল্পখাতে ৫ বিলিয়ন মার্কিন ডলালের বাজার থাকলেও বাংলাদেশ এখাতে মাত্র ১.২ বিলিয়ন মার্কিন ডলার মুল্যের পণ্য রপ্তানী করে থাকে।
১৯৪.৪০ একর জমির উপর নির্মিত এ প্রকল্পের প্লট সংখ্যা ২০৫টি এসব প্লটে ১৫৫টি শিল্প ইউনিট হবে এর মধ্যে ১৩০টিরও বেশী ট্যানারি চালু রয়েছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার গোগা-কালিয়ানী মশিয়ার হাজির ঘেরে পাশ থেকে অজ্ঞাত (২৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
ঊুধবার(৩১/০৭/১৯)তারিখ সকাল সাড়ে ৮ টার সময় গোগা-কালিয়ানি মাঠ থেকে বাগআঁচড়া পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম হাওলাদার জানান, সকালে গোগা কালিয়ানি এলাকার স্থানীয়রা মাঠের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে আমাদের কাছে স্থানীয় লোকজন জানায়। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে লাশের পরিচয় যায়নি। তবে নিহত যুবকের গায়ে অসংখ্য ধারালো ছুরির আঘাত রয়েছে। সে সুত্রে মনে হচ্ছে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পৌছালেই সত্য উদঘাটন হবে বলে মনে করছি।
হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে গত ৩০ জুলাই মঙ্গবার রাতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ঐ দিন রাতে উপজেলা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্বাচন অফিসার আঁখি সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান কাকী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য যুবনেতা আব্দুল বারী প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
বক্তরা গাছ লাগান পরিবেশ বাঁচান এই আন্দোলন কে বেগবান করার জন্য সকলকে আহবান জানান। পরে মেলায় অংশগ্রহণকারী ১৬ টি স্টলের নার্সারি মালিককে ও আকর্ষনীয় ফল সরবরাহের জন্য সাধারণ ৪ জন কৃষককে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।
মেলায় বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
আপেল মাহমুদ,নওগাঁ :নওগাঁর মান্দায় নিখোঁজের দুইদিন পর রিংকু দাস ( ৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত রিংকু দাস উপজেলার মৈনম ইউনিয়নের চাঁনপুর গ্রামের সুদেব চন্দ্র দাসের ছেলে । গত রোববার রাত ১১ টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিবেশীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে গ্রামের মৎস্যজীবী পাড়ায় গান শোনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন । মঙ্গলবার সকালে প্রতিবেশী মিঠু সরকারের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ।
মান্দায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । মরদেহের সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টে পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের পাথরকাটা খাস পুকুরপাড়ে ৩০ টি ভূমিহীন পরিবার ও একটি মন্দিরের নামে মোট ১১০ শতাংশ খাস জমি বরাদ্দ দেওয়া হয়।
৩০ টি পরিবারের মধ্যে ২৫ টি আদিবাসী (পাহান) ২টি দলিত (বাঁশমালী) ও ৩টি মুসলিম পরিবারের মধ্যে ০১ জন মুক্তিযোদ্ধা ও ০২ জন বিধাবাকে খাস জমি বরাদ্দ দেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা নিজে উপস্থিত থেকে রাস্তা রেখে প্রতি পরিবারকে ৩ শতাংশ করে জমি বুঝিয়ে দেন। অন্যের জমিতে আশ্রিত ভূমিহীন পরিবারগুলো জমি বুঝে পেয়ে প্রত্যেকে সেখানে বসতবাড়ি কাজ শুরু করেছে।
এ সময় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গোপাল চন্দ্র রায়, টেকনিক্যাল ম্যানেজার (ভূমি) ইএসডিও শাহ মোহাম্মদ আমিনুল হক, রাণীশংকৈল উপজেলা ম্যানেজার ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্প খায়রুল আলম, কমিউনিটি ফিসিলিটেটর আনোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
জমি বরাদ্দ পাওয়ায় দলিতরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং এসিল্যান্ড নিজে উপস্থিত থেকে সকলকে মিষ্টিমুখ করান।