33 C
Dhaka, BD
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

যশোরের শার্শায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক-২

যশোরের শার্শায় পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

মঙ্গলবার (৭ মে) রাতে শার্শার নাভারন কাজির বেড় ও নাভারন হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- শার্শা থানার যাদবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে নাজমুল হোসেন শামীম ( ৩২) ও শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিদের ছেলে সোহানুর রহমান সোহান ( ৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দুটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় শামীমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং অপর আসামি সোহানকে তল্লাশি করে ১০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

শার্শা থানার এসআই বাবুল আক্তার (সেকেন্ড অফিসার) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

আজ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে রবীন্দ্র ভক্তদের মিলনমেলা ।

আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও কবিগুরুর নিজস্ব জমিদারি তার স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা উৎসবের। কবিভক্তরা আজকের এই দিনে বিশ্বকবির জন্মকে নতুন চিত্তে ভাবার জন্য একে অপরের সান্নিধ্যে এসে স্মৃতিচারণে মগ্ন হন।

প্রতি বছরের মতো এবারেও এখানে আসবেন সরকারের মন্ত্রী, এমপি, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশবরেণ্য শিল্পী, সাহিত্যিক ও রবীন্দ্রভক্তরা। নাচ, গান আর কবির রচিত কবিতা আবৃত্তি করে উদযাপনের আয়োজন করা হয়েছে বিশ্বকবির জন্মোৎসব।

প্রতি বছরই পতিসরে নামে রবীন্দ্রভক্তের ঢল। পরিণত হয় মানুষের মহামিলন মেলায়। সরকারিভাবে একদিনের কর্মসূচি নিলেও এ মিলনমেলা চলে প্রায় পুড়ো সপ্তাহজুড়ে। দূর-দূরান্ত থেকে কবিভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে। একে অপরের সান্নিধ্যে এসে স্মৃতিচারণে লিপ্ত হন কবিভক্তরা।

কবিগুরুর ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কবির নিজস্ব জমিদারি পতিসর যেন পর্যটনের অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কাছারি বাড়িতেই কবিগুরুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। পতিসরে নাগর নদের পাড়কে মনমুগ্ধকর করে তোলা হয়েছে। কবিগুরুর নিজস্ব জমিদারি এলাকা কালিগ্রাম পরগনার সদর দফতর এই পতিসর। আর এই পতিসর নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মাধুর্যঘেরা কবির স্মৃতিবিজড়িত পতিসর আজও সাহিত্যের অঙ্গণে সাড়ম্বরে বিরাজিত। কবির যখন ভরা যৌবন এবং কাব্য সৃষ্টির প্রকষ্ট সময়, তখন তিনি সময় কাটিয়েছেন এই পতিসরে।

নওগাঁ জেলা সদর থেকে ৩৬ কিলোমিটার ও আত্রাই উপজেলা সদর হয়ে ৫৫ কিলোমিটার আঁকাবাঁকা পাকা সড়ক চলে গেছে নিঝুম-নিস্তব্ধ- নিভৃত পল্লীতে, কবিগুরুর কাছারি বাড়ি জেলার আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের পতিসর গ্রামে। তিনি যে আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নওগাঁ এবং আত্রাই থেকে মাইক্রোবাস, বাস, সিএনজি, টেম্পু, চার্জার, ভটভটিসহ বিভিন্ন যানবাহন যোগে পতিসরে যাওয়া যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই সপ্তাহ খানেক জুড়ে চলে রবীন্দ্রমেলা। এ সময় স্থানীয় ও এলাকাবাসীর বাড়িতে ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আসা কবি ভক্ত, আত্মীয়-স্বজন, অতিথিরা।

গ্রামের মানুষ মেয়ে-জামাইকে নাইওরে আনে এই উৎসবে। ঘরে ঘরে পড়ে যায় পিঠা-পায়েসসহ উন্নত মানের খাবার তৈরির ধুম।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত পতিসরে এবার কবির ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ইতোমধ্যে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এখানে সরকারিভাবে একদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পতিসরে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বুধবার সকাল ১০টায় রবীন্দ্র কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গতা’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠান, বিকেল ৩টায় রয়েছে, নাটক, আবৃত্তি, নাচ- গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন নওগাঁসহ দেশের প্রথিতযশা শিল্পীরা।

জানা গেছে, ১৯৩৭ সালে ২৭ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাজার হাজার প্রজাকে কাঁদিয়ে অশ্রসিক্ত নয়নে পতিসর তথা বাংলাদেশ থেকে শেষ বিদায় নিয়েছিলেন। শেষ বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য কবির ৭৬ বছর বয়সের একটি উন্মুক্ত ভাস্কর্য স্থাপন করা হয়েছে পতিসরে। স্থাপন করা হয়েছে রবীন্দ্র সংগ্রহশালা। এই কাছারি বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর আত্রাইয়ের এই পতিসরে এসে তার কাছারি বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা নাগর নদকে নিয়ে লিখেছিলেন, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে’।

এছাড়াও তার বিখ্যাত কবিতা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, ‘দুই বিঘা জমি ও সন্ধ্যাসহ অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন এই পতিসরের কাছারি বাড়িতে বসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর তার পুরস্কারের অর্থ তিনি এই পরগনার প্রজাদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য ৭৫ হাজার টাকা তৎকালীন সময়ে এখানে স্থাপিত কৃষি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন।

এই প্রত্যন্ত গ্রাম এলাকার প্রজাদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষে কবি ১৯৩৭ খ্রিস্টাব্দে পতিসরে এসে তার পুত্র রথীন্দ্রনাথের নামে কাগ্রিাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন স্থাপন করেন এবং এই প্রতিষ্ঠানের নামে ২শ’ বিঘা জমি দান করেন।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেবেন্দ্র মঞ্চে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে উদ্ধোধন ও আলোচনা সভা ও বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে সেখানে বসবে গ্রামীন মেলা।

ঠাকুরগাঁওয়ে স্বপ্ননীলের চেয়ারম্যান আটক ।

টার্কি মুরগি পালন করে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দিয়ে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড নামের একটি কোম্পানির চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।

সোমবার সৈয়দপুর বিমান বন্দর থেকে কোম্পানির চেয়ারম্যানকে আটক করা হয় বলেন জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম। আটক তিনজন হলেন, স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২),তার স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল(২৩)। ওসি জানান, আটক সানি ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন প্যাকেজ বিক্রি করে।

পরে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার পালিত মুরগি নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ অন্যান্যরা পালিয়ে যায়। সোমবার স্বপ্ননীল কোম্পানির চেয়ারম্যান সানি সৈযদপুর বিমান বন্দর থেকে বিমানে ঢাকা এবং পরবর্তীতে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির একটি ফোর্স তাকে বিমানবন্দর থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রী রওশন আরা এবং ভাতিজা আবু সালেম রাসেলকে আটক করা হয়।

যশোরের বেনাপোলে জামিনে ফিরে মাদক সম্রাটদের অবাধ বিচরণ

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেনাপোল সীমান্তে অবাধ বিচরণ করে প্রকাশ্যে মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে চিহিৃত মাদক স¤্রাটরা। মাঝে মধ্যে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করলেও আবার তারা জামিনে এলাকায় ফিরে প্রকাশ্যে চালিয়ে চাচ্ছে মাদকের কারবার।

জানা যায়, দেশের অনান্য সব সীমান্ত দিয়ে যে পরিমান মাদকের চোরাচালান হয় তার এক তৃতীয়াংশ চোরাচালান হয় বেনাপোল সীমান্ত পথে। মাদক পাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ এলাকায় সর্বচ্চ সতর্কতা জারী করলেও তাতে কোন সুফল আসছেনা। যেন নিরাপত্তার সাথে পাল্লা নিয়ে বাড়ছে মাদকের চোরাচালান।

স্থানীয়রা বলছেন, বিশেষ করে পুলিশ প্রশাসন মাদক পাচার প্রতিরোধে আন্তরিক হয়ে কাজ করলে তবেই মাদক পাচার ও প্রতিরোধ করা সম্ভব। আর পুলিশ বলছে তারা মাদক চোরাচালান প্রতিরোধে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, এক সময় বেনাপোল বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিতি থাকলেও বর্তমানে মাদক পাচারের কেন্দ্র স্থল হিসাবে আলোচিত। পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন শত শত বোতল ফেন্সিডিল,গাঁজা সহ বিভিন্ন মাদক দ্রব্যের চোরাচালান হচ্ছে। মাঝে মধ্যে দুই এক জন বিজিবির হাতে আটক হলেও এক্ষেত্রে পুলিশ থাকওেছ প্রায় নিষ্ক্রীয়।

অনুসন্ধানে জানা যায়, ভারত থেকে ফেন্সিডিলের চালান আনার পথে শীর্ষ মাদক ব্যবসায়ী বেনাপোলের দক্ষীন কাগজপুকুর গ্রামের বাবু কলুর ছেলে তাজিম ও তার সহযোগি মাদক ব্যবসায়ি রাবেয়া খাতুনকে দৌলতপুর গ্রাম থেকে বিজিবি সদস্যরা আটক করে পুলিশে দেয়। আটকের মাত্র এক মাসের মধ্যে তাজিম জামিনে ফিরে আবার মাদকের সিন্ডিকেট পরিচালনা করছে। অভিযোগ রয়েছে তার কাছ থেকে এক শ্রেনীর আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা মাসিক মাশোহারা পাওয়ায় সে এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া বেনাপোলের ভবাবেড় গ্রামের সোহেল ও আফরোজা, খড়িডাঙ্গা গ্রামের নুরুদ্দিন, গাতিপাড়া গ্রামের আমজাদ হোসেন রানা ও আনোয়ারা খাতুন, আমড়াখালীর আলাউদ্দিন, পুটখালীর দেলোয়ার হোসেন, বড় আঁচড়া গ্রামের ফারুক আলী ও রবি হোসেন। এসব মাদক ব্যবসায়িদের অনেকে জামিনে বাড়িতে ফিরে প্রকাশ্য মাদক পাচারে লিপ্ত রয়েছে।

বেনাপোল সীমান্ত মাদক চোরাচালান ব্যবসায়িরা অতিদ্রæত বাড়ি ফিরে আসা সম্পর্কে জানতে চাওয়া হলে পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল লাতিফ বলে, মাদক ব্যবসায়িরা জামিনে ফিরে আসা এটা বিজ্ঞ আদালতের ব্যাপার। তবে যারা ফিরে আসছে তাদের ওপর আমাদের নজরদারি রয়েছে।

উল্লেখ্য গত কয়েকদিনে শুধু বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা প্রায় ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ইয়াবা, গাজা সহ অন্যান্য ভারতীয় পন্য জব্দ করেছে ।

ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাএীর আত্নহত্যা।

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফারজানা আক্তার নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।সোমবার (৬মে) বিকেলে ৫ ঘটিকায় নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।ফারজানা আক্তার ধামরাইয়ের চাপিল এলাকার ফারুক হোসেনর মেয়ে। ফারজানা আক্তার শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল লতিফ জানান, গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ওই ছাত্রী গণিত বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে সে এবছর ওই এক বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। আজ দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে আবারও গণিত বিষয়ে অকৃতকার্য হয়।

আর এতে লজ্জায় ওই শিক্ষার্থী নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস লাগালে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে এবং নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।

বন্ধুর বাবার বিয়ে ঠেকাতে গিয়ে পিটুনীর শিকার ৬ জাবি শিক্ষার্থী

সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর বাবার বিয়ে ঠেকাতে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী স্থানীয়দের হাতে প্রহৃত হয়েছেন। পরে তাড়াশ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে।

পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ৪২ তম ব্যাচের রকিবুল হাসান, নাট্যতত্ব বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আরিফ মেহেদী, রিশা আইরিন, রেদোয়ান মাহফুজ, ক্যামেলিয়া চুঁড়া ও দিপংকর বড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সবুজতারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের (৭০) মেয়ে রিশা আইরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী। কয়েকদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। এ সময় তার বাবা আব্দুস সামাদ দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি শুরু করলে রিশা বিষয়টি টের পেয়ে তার পাঁচ বন্ধুর কাছে সাহায্য চান।

এর প্রেক্ষিতে রবিবার সন্ধায় বন্ধুরা তাড়াশে এসে রাতে রিশার বাবার সাথে বিয়ে প্রসঙ্গ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এসময় উত্তেজিত হয়ে রিশার বাবা স্থানীয়দের ডেকে এনে রিশাসহ তার বন্ধুদের পিটুনী দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাত ২টার দিকে রিশাসহ ৬জনকে থানায় নিয়ে আসে।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রশাসন খোঁজ-খবর নেয়া শুরু করলে বিপাকে পড়ে পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিশার বাবা সামাদসহ স্থানীয় লোকজন তাড়াশ থানায় পুলিশের সাথে দফায় দফায় আলোচনা করছেন বলে লক্ষ্য করা গেছে।

ঘটনা প্রসঙ্গে রিশার বাবা আব্দুস সামাদ বলেন, “আমার স্ত্রী নাজমুননাহার (৬০) পক্ষাঘাতগ্রস্থ হয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ শয্যাশায়ী রয়েছেন। তাকে আমি নিজেই দেখাশোনা করছি। কিন্তু বর্তমানে আমি নিরুপায় হয়ে দ্বিতীয় বিয়ের চিন্তাভাবনা করি। বিষয়টি আমার মেয়ে জানতে পেরে তার বন্ধুদের ডেকে এনে আমাকে লাঞ্ছিত করে”।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, “আহত শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের বাড়িতে পাঠিয়ে দেবার প্রক্রিয়া চলছে”।

জাবিতে পঞ্চতীর্থের নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘ ( পঞ্চতীর্থ) এর নতুন কমিটি এক(১) বছরের জন্য গঠন করা হয়েছে।

কমিটিতে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ মোকছেদুল বাবু খান (৪৩ তম আবর্তন) কে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ খায়রুল কবির নবেল ( ৪৬ তম আবর্তন) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ সভাপতি পদে ৩ জন, যুগ্ম-সাধারন সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
সোমবার (৬ মে ) সন্ধ্যা ৬ টায় সাবেক সভাপতি চয়ন বর্মন ( নৃবিজ্ঞান,৪৩) নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির উপদেষ্টামন্ডলী খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য যে, সংগঠনটি সূচনালগ্ন থেকে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ধামরাইয়ে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

ঢাকার ধামরাই উপজেলায় সোমবার বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ধামরাই শাখার উদ্যোগে ৫(পাঁচ) মাসের বকেয়া বেতন ভাতা, ৫(পাঁচ) মাসের থানা হাজিরা, ২০১৭-২০১৮ ঈদুল আযহার সরকারি অংশের বোনাস, বৈশাখী উৎসব ভাতা এবং উপজেলা নির্বাচনী ভাতার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত।পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

ধামরাই উপজেলা কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করের তারা।
এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.এম লাল মিয়া, সদর সাধারন সম্পাদক মো: মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রুস্তম আলি উপস্থিত ছিলেন।
ধামরাই উপজেলা শাখার সভাপতি এম এম লাল মিয়া জানান, ৫(পাঁচ) মাসের বকেয়া বেতন ভাতা, ৫(পাঁচ) মাসের থানা হাজিরা,

২০১৭-২০১৮ ঈদুল আযহার সরকারি অংশের বোনাস, বৈশাখী উৎসব ভাতা এবং উপজেলা নির্বাচনী ভাতা পাইনি। তিনি আরও জানান, বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে সামান্য এই বেতনে তাদের সাংসারিক খরচ চলে না। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন চালাতে হচ্ছে।বকেয়া বেতন দিলে তারা পরিবার নিয়ে সুখে শান্তিতে চলতে পারবেন বলে জানান তিনি।

এ সময়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, এ বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা নিব।

ফণী’র প্রভাবে বেনাপোলে কমেছে আমদানি-রফতানি ।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কমেছে আমদানি-রফতানি। বন্ধ রয়েছে সেখানকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। পাসপোর্টধারী মানুষের যাতায়াত নেই বললেই চলে।এদিকে ফণীর প্রভাবে এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে। কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। কিছু স্থানে বাতাসও বইছে। স্থানীয়রা বলছেন, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী দেশ ভারতের চব্বিশ পরগনায় ফণী আঘাত হানতে পারে। এ কারণে ওই এলাকার মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বেনাপোল বন্দরেও পড়তে পারে ঘূর্ণিঝড়ের বড় প্রভাব।

বেনাপোল বন্দরের এয়ার ট্রাভেলস প্রতিষ্ঠান টাইম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের প্রতিনিধি মো. হাসানুজ্জামান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই এলাকায় এয়ারে ভ্রমণের চাহিদা বেশি। প্রতিদিন তাদের কম বেশি টিকিট বিক্রি হয়। কিন্তু ফণীর আগাম সতর্ক বাণীতে শুক্রবার (৩ মে) কোনো টিকিট বিক্রি হয়নি। খুব জরুরি ছাড়া দূর পাল্লার বাসেও মানুষ কম চড়ছে। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী সঞ্জয় কুমার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, পশ্চিমবঙ্গে ফণী আতঙ্কে সব স্কুল বন্ধ রয়েছে। রাস্তার ধারে সাটানো বড় বড় সাইনবোর্ড ক্ষতির আশঙ্কায় খুলে রাখতে দেখা গেছে। সেখানকার মানুষের মধ্যেও বেশ আতঙ্ক লক্ষ্য করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লেয়াজ রহমান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, এ পথে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। অধিকাংশ যাত্রীই চলাচল করেন সকালের দিকে। কিন্তু শুক্রবার সকাল থেকেই যাত্রীদের যাতায়াত অনেক কম।

ফণী’র প্রভাবে মান্দায় ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

নওগাঁর মান্দায় গতকাল শুক্রবার বেলা ১১ টা থেকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়তে শুরু করেছে। এদিন গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে ছিল হালকা বাতাস। বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি একটানা চলে সারারাত।

শনিবার সকালে তা প্রবল বর্ষণে রুপ নিয়েছে। সঙ্গে রয়েছে দমকা ঝড়ো হাওয়া।এদিকে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের কারণে মাঠের পাকা- আধাপাকা ধান নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। একটানা বৃষ্টি ও বাতাসের কারণে ধান মাটিতে পড়ে গেছে। অনেক খেতে বৃষ্টির পানি জমে পড়ে যাওয়া ধান তলিয়ে যেতে শুরু করেছে। যে সকল কৃষক মাঠে ধান কেটে শুকানোর জন্য রেখেছিলেন সময়ের অভাবে শুকানো ধান মাঠ থেকে ঘরে তুলতে না পারায় ক্ষতির পরিমান অনেক বেশি হবে বলে মনে করছেন কৃষকরা।

এছাড়া নিচু এলাকাগুলোতে সবে ধান কাটা ও মাড়াই শুরু করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর তা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ঠাকুরমান্দার বিল, পরানপুর, বিলউথরাইল, ঘোনা, কুরকুচি, শাল্যো, সগুনিয়া, বলাক্ষেত্র, সিমলাদহ বিলসহ আরও অনেক এলাকার কৃষকরা ধান বিপাকে পড়তে পারেন বলে মনে করছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, ফণীর কারণে ধানকাটা পিছিয়ে যাওয়ায় শ্রমিকের সংকট দেখা দিতে পারে। শ্রমিকের মজুরিও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ধান নিয়ে চরম দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

অন্যদিকে ফণীর প্রভাবে ঝড়ো হাওয়ায় মৌসুমী ফল আম ঝরে গেছে। একই সঙ্গে লিচু বাগানেও ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে ঘূণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি মোকাবেলায় শুক্রবার সন্ধ্যায় জরুরী সভা করেছে মান্দা উপজেলা প্রশাসন। ইউএনও খন্দকার মুশফিকর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...