মোঃ রাসেল ইসলাম,যশোর(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বাইপাসে সড়ক দূর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রæতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ ঝালকাঠিতে ব্যক্তি উদ্যোগে নির্মিত মুক্তিযুদ্ধের ম্মৃতিস্তম্ভ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।২৩/১১/২০১৯ইং তারিখ শনিবার দিবাগত রাতে নলছিটি উপজেলার ষাটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত উদ্যোগে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভেঙ্গে ফেলার এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ৫ বছর আগে স্থানীয় মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন নিজের এবং বিভিন্নভাবে সংগৃহীত অর্থ দিয়ে ঝালকাঠি-বরিশাল-খুলনা মহাসড়কের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। শনিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সেই স্তম্ভ থেকে বঙ্গবন্ধুসহ মোট ৪টি ভাস্কর্য ভেঙে ফেলেছে।রোববার সকালে ভাস্কর্যগুলো পাশের খাল থেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, প্রায় বছর খানেক আগে প্রোমহর গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ইন্তেকাল করেন। তার ছেলে মো. মাসুম হাওলাদার বলেন, একাত্তরে এ স্থানের কাছে চাচৈর নামক স্থানে ঝালকাঠি জেলার মধ্যে সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয়। এলাকায় পাক বাহিনী নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায়।
তাই একাত্তরের স্মৃতি রক্ষায় আমার বাবা প্রায়াত মফিজ উদ্দিন ধারদেনা করে এবং বন্ধু-বান্ধদের কাছ থেকে সাহায্য এনে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। ওই স্তম্ভের উপরে বঙ্গবন্ধু এবং তিন মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল।
এদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জেলার মুক্তিযোদ্ধা এবং স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা এ কাজ করেছে। এ ঘটনার প্রতিবাদে খুব শিগগিরই কর্মসূচি ডাকা হবে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল এলাকায় উক্ত গৃহবধুর স্বামীর দুই আত্মীয়ের বিরুদ্ধে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার রাতে ওই গৃহবধূ ধামরাই থানায় মামলা করেছেন (মামলা নং-৩৬, তারিখ- ২৪ নভেম্বর, ২০১৯)।মামলায় যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তারা হলেন, তাঁরা হলেন, তোফাজ্জল হোসেন (৪০), পিতা- আঃ আলী, গ্রাম- মালঞ্চ এবং এরশাদ (৩০), গ্রাম-পথহার, ধামরাই।
পুলিশ জানায়, গত শুক্রবার (২২ নভেম্বর) ধর্ষিতার স্বামীর বোন জামাই অভিযুক্ত তোফাজ্জল ও খালাতো ভাই এরশাদ নামের দুই লম্পট পূর্বপরিকল্পনা অনুসারে গৃহবধূর ঘর তালা দিয়ে রেখে আগের একটি বিচারের কথা বলে চকের কলাবাগান দিয়ে নিয়ে যাওয়ার সময় কলাবাগান এর ভিতরে নিয়ে জোরপূর্বক গন-ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার গৃহবধূ গতকাল রাতেই তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর স্বামী বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে গতকাল রাতেই ধামরাই থানায় মামলা দায়ের করান।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। মামলার তদন্ত চলছে, পাশাপাশি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান তিনি।
আপেল মাহমুদ ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পারিবারিক ও দাম্পত্য কলহের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষপানে একইদিনে তিন নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার বিভিন্ন সময় তাদের মান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় তারা এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক।
আত্মহত্যার চেষ্টাকারী নারীরা হলেন, মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের বাক্কার আলী মন্ডলের স্ত্রী বানেছা বেগম (৩৫), গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের নুর নবী মন্ডলের স্ত্রী উম্মে হাবিবা জান্নাত (১৮) ও নিয়ামতপুর উপজেলার রামগাঁ এলাকার ইসরাফিল আলমের স্ত্রী রুমি খাতুন (১৮)।
জানা গেছে, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে রুমি খাতুন প্রেম করে প্রায় এক মাস আগে বিয়ে করেন ইসরাফিল আলমকে। শুরুতে তাদের সংসার ভালই চলছিল। সামান্য মান-অভিমানকে কেন্দ্র করে শনিবার দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন রুমি খাতুন। এছাড়া পারিবারিক কলহের জের ধরে বানেছা বেগম আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে তাকে মান্দা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।
অন্যদিকে পারিবারিকভাবে প্রায় দুই মাস আগে নুর নবীর সঙ্গে উম্মে হাবিবা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। জের ধরে শনিবার সন্ধ্যায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন উম্মে হাবিবা জান্নাত। তাকেও ভর্তি করা হয়েছে মান্দা হাসপাতালে।
মান্দা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বিজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসায় আত্মহত্যার চেষ্টাকারী নারীরা এখন অনেকটাই সুস্থ। দু’একদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হবে।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার জানান, মান্দা উপজেলায় আত্মহত্যার প্রবণতা অনেক হারে বেড়ে গেছে। সামান্য কারণে আত্মহত্যা করছেন অনেকেই। এক্ষেত্রে নারীর সংখ্যাই বেশি। পারিবারিক কিংবা দাম্পত্য কলহে আত্মহ্যতার এসব ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তিনি।
আত্মহত্যার প্রবণতা কমাতে সচেতনতা সৃষ্টি একান্ত প্রয়োজন বলে জানান তদন্ত ওসি।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক করতে পারেনি বিজিবি।রোববার (২৪ নভেম্বর) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ১১ জন নারী, ২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
খুলনার সেলিনা আক্তার জানায়, সে তার স্বামীর চিকিৎসার জন্য অবৈধপথে ভারত গিয়েছিল। ফেরার পথে তাদের আটক করা হয়।
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার রাজু জানায়, অভাব অনটনের সংসার কাজের জন্য ভারত গিয়েছিলাম। সেখান থেকে ২ মাস কাজ শেষে ফেরার সময় তাদের আটক করে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবি ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। বিজিবি আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠিয়েছি।
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নগর উন্নয়নে রবিবার শহরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ সেলিম মিঞা’র সভাপতিত্বে সভায় জেলা পরিষদ সদস্য দেলোয়ারা হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি, তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুল হক জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, আলতাফ হোসেন আকন, প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা উপস্থিত ছিলেন।
সৌমেন মন্ডল, ব্যুরো প্রধানঃ আজ থেকে শুরু হয়েছে রাজশাহীতে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি।ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) রাজশাহীতে খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করছে।ক্রেতাদের চাহিদা পুরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে মোট পাঁচ টন পেঁয়াজ। প্রতিটি পয়েন্টে পেয়াজ দেয়া হবে এক টন করে।
খোলা বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজি প্রতি খরচ পড়বে ৪৫ টাকা। যা বর্তমান খুচরা বাজারের চাইতে ১০০ থেকে ১২০ টাকা কম।দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।
টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার খোলা কাগজকে বলেন , আজ রবিবার থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্ত্বর এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলা বাজারে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা হবে। খোলা বাজারের প্রতিটি পয়েন্টে এক টন করে মোট পাঁচ টন পেঁয়াজ প্রতিদিন বিক্রি করা হবে। এই বাজার থেকে প্রতিদিন একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। খরচ পড়বে সর্বোচ্চ ৪৫ টাকা। আর অনিয়ম রোধে স্থানীয় ডিলারদের নিয়মিত মনিটরিং করবে টিসিবি।
তিনি আরো জানান, পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।বিমান যোগে আমদানী করা পেঁয়াজগুলোই বিক্রি করা হবে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১০৩ পিস ইয়াবাসহ দু’জন মহিলাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার খবর পাওয়া গেছে। থানা সূত্রে মতে, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ২২ নভেম্বর শুক্রবার সন্ধায় বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি সরকারপাড়া গ্রামের আব্দুর লতিফের স্ত্রী কুলশুম (৪০)কে এবং রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম পাড়ার লিটনের স্ত্রী রোকসানা আক্তার(২৫) কে ১০৩ পিস ইয়াবাসহ গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তার উপর হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে।
পরের দিন ২৩ নভেম্বর সকালে তাদেরকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়। রাণীশংকৈল থানা তদন্ত ( ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,,আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ভোগদখলীয় জায়গা জোড়জবরে দখল করতে গিয়ে ইউপি সদস্য কাজী মহিবুল্লাহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানঘর ভাংচুর করে। উপজেলার নিশানবাড়ীয়া এলাকার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র সংলগ্ন এলাকার মৃত নুরুল হকের পুত্র হারুন হাওলাদার শনিবার দুপুরে তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, ওই এলাকার নুরুল হক হাওলাদার পার্শ্ববর্তী জয়ালভাঙ্গা এলাকার নূরু দোকান্দারের কাছ থেকে প্রায় ৩০ বছর আগে ওয়াপদা বেড়ীবাঁধের ভিতরের এ জমিটুকু ক্রয় করে বসবাস করে আসছে। নুরুল হক হাওলাদার গত ২০১৩ইং সালে মৃতু বরন করার পর তার পুত্রদ্বয়রা ওই বাড়ীতেই বসবাস করে আসছে। বর্তমানে পার্শ¦বর্তী ওয়ার্ডের প্রভাবশালী মেম্বর কাজী মহিবুল্লাহ ওই জমি দাবী করে লাঠিয়াল বাহিনী নিয়ে বসবাসরত মৃত নুরুল হকের স্ত্রী, পুত্র ও পুত্রবধুরদের মারধর করে তাদের দোকানঘর ভেঙ্গে ফেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান হাওলাদার বলেন, ৩০বছর আগে ওই জমি নূরু দোকান্দারের কাছ থেকে নুরুল হক ক্রয় করে বসবাস করে আসছে। ৬বছর আগে নুরুল হক মারা গেলেও তার স্ত্রী পুত্র ওই বাড়ীতেই রয়েছে।
এ ব্যাপারে কাজী মহিবুল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে ওই জমি তার বলে সে দাবী করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। হারুন হাওলাদারের লিখিত অভিযোগটি তদন্তাধীণ রয়েছে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে আগাম শীতকে কেন্দ্র করে পুরান ( সেকেন্ডহেন্ড) কাপড়ের ব্যবসায়ীরা ফুটপাতে দোকান সাজিয়ে ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছে। ২২ নভেম্বর শুক্রবার শহরের বড় মসজিদ চত্বর থেকে শুরু করে শিবদীঘি উপজেলা পরিষদের গেট পর্যন্ত প্রায় পঞ্চাশের কাছাকাছি দোকানদার ক্রেতাবিহীন অবস্থায় দেখা যায়। কারণ হিসেবে জানা যায়, এখনো শীতের প্রভাব তেমন নেই তাই মানুষের চাহিদাও কম।
যদিও উত্তরাঞ্চলের মধ্যে রাণীশংকৈলে শীতের প্রভাব একটু বেশি, আর সে কারনেই আগাম দোকান খুলে বসেছে উপজেলা শহরের ফুটপাতে গরম কাপড় ব্যবসায়ীরা। কনকন শীতের সময় নিম্নবিত্তদের স্বল্পমূল্যে শীতবস্ত্র কেনার জন্য উপযোগী হয়ে ওঠে এই সকল ফুটপাতের মোটা কাপড়ের দোকান গুলো।উপজেলায় গরীব নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের বেশির ভাগই বাস করে মাটির অথবা বাঁশের তৈরী ঘরে।
শীতের তীব্রতা বেড়ে গেলেই গ্রামের এই লোকজন কাপড় কেনার জন্য ভিড় জমান বলে জানান সেকেন্ডহেন্ড কাপড় ব্যবসায়ী ফরিদ। ভোর রাতে কিছুটা শীত অনুভব হলেও প্রায় সারা দিনই রৌদ্রের দেখা পাওয়া যায়। ফলে মোটা কাপড়ের চাহিদাও এখন কম। তবে এই শীত মৌসুমে দোকানদার কনকনে শীতের আপেক্ষায় প্রহর গুনছেন।