26.3 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

রাণীশংকৈল উপজেলা আ’লীগের আয়োজনে আলী আকবর এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত ।

হুমায়ূন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাও) ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রয়াত সাবেক সংসদ সদস্য আলী আকবরের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করছে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ।

১৯৯৩ সালের ৪ অক্টোবর তিনি মৃত্যু করেন। এ উপলক্ষে ৪ অক্টোবর শুক্রবার রাতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলী আকবর এমপি’ র জেষ্ঠ্য কন্যা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ- সভাপতি মুক্তারুল আলম মুক্তা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মহাদেব বসাক, ঠাকুরগাঁও সুগার মিল ইউনিয়নের সাবেক সভাপতি জবাইদুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম, মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সহ- সভাপতি প্রভাষক নাসরিন আকতার, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,পৌর আ’ লীগ যুগ্ন সম্পাদক রফিউল ইসলাম সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মি ও সহোযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা সম্পাদক খায়রুল আলম।
প্রসঙ্গত: একইদিনে শিবদিঘি কেন্দ্রিয় টাউন ক্লাব, আলী আকবর ক্রীড়া একাডেমি, সন্ধ্যারই সরকারপাড়া জামে মসজিদ ও রাণীশংকৈল প্রগতিক্লাবে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়।

শাশার বাগআঁচড়া ময়ুরী হলের সামনে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ার ময়ুরী সিনেমা হলের সামনে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাব্বী (২০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহসড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহত রাব্বী শার্শা থানাধীন রাড়িপুকুর গ্রামের রফিকুলের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া জানান, সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাব্বী নিহত হয়।

খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করুন জমঈয়তের এতিমখানার বহুতল ভবন উদ্বোধনকালে-কাজী আকরাম উদ্দিন আহমদ ।

শেখ এ কে আজাদ,বিশেষ প্রতিবেদক সাভার : ঢাকার অদূরে আশুলিয়া থানার পাশে বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর প্রায় ১৬ একর নিজস্ব জমিতে নির্মাণাধীন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ভবন, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী আল কুরায়শী মডেল মাদরাসা, কেন্দ্রীয় এতিমখানাসহ বিভিন্ন প্রজেক্ট চলমান এবং জমঈয়তের উন্নয়নমুখী কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

জমঈয়তের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত আছে। এ দেশের প্রায় তিনকোটি আহলে হাদীসের প্রতিনিধিত্বকারী সংগঠনের কেন্দ্রীয় এতিমখানার বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে আজকের এ সভা। এতিমদের পৃষ্ঠপোষকতা করা, তাদের সাথে সদাচরণ করা এসবই মহৎ কাজের অংশ। পবিত্র কুরআনেও এতিমদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। এ জাতীয় অনেক সেবামূলক কাজ জমঈয়ত করছে। আসুন আমরা জমঈয়তের সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করি।

জমঈয়তের অন্যতম উপদেষ্টা, স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ জমঈয়তের কেন্দ্রীয় এতিমখানার বহুতল ভবন উদ্বোধনপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকার এডিসি তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ও সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ, আশুলিয়া থানার ওসি রেজওয়ানুল হক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাইপাইলের এতিমখানার বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন। উপস্থিত ছিলেন জমঈয়ত উপদেষ্টা এম. এ সবুর, সহ-সভাপতি ও সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, অধ্যাপক ড. আহমাদুল্লাহ, মুঞ্জুরে খোদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

জমঈয়ত নেতৃবৃন্দ বলেন, প্রায় চার দশকব্যাপী বাইপাইলের এ জমিতে আমাদের বিভিন্ন প্রোজেক্ট চালু আছে। অতিসত্বর ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, উচ্চমানের কওমী মাদরাসা, দাওয়াহ-তাবলীগী মহাসম্মেলনের জন্য স্থায়ী মঞ্চ নির্মাণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত হবে ইনশা-আল্লাহ। এ জন্য এদেশের সকল আহলে হাদীসকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শার্শার হাড়িখালী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১শিশু নিহত : আহত-১০

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময় যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুঁচেমোড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহত আলেজা খাতুন (৩) রাজশাহীর শারনাল বিশ্বাসের মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া জানান, শুক্রবার দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুঁচেমোড়া নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়েছে ও ১ শিশু নিহত হয়েছে।

ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মৃদুলের মৃত্যু।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল মাহমুদ সাদ্দাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৮ বছর।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে তিনি রাজধানীর উত্তরার রুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃদুল ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ছনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন উজ্জল।

দীর্ঘ ২১ বছর পর চলতি বছরের মে মাসে ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হলে মৃদুল আহ্বায়কের দায়িত্ব পান।

রাণীশংকৈলে বীরাঙ্গনা ছেলে সুধীরকে অটোবাইক দিলেন-ডিসি ।

হুমায়ন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ৮ নং নন্দুয়ার ইউনিয়নের সুপরিচিত বীরাঙ্গনা টেপরি বেওয়ার (৭০) যুদ্ধকালিন পুত্রসন্তান (যুদ্ধশিশু) সুধীর চন্দ্র রায়(৪৯) কে স্বচ্ছল ভাবে সংসার চালানোর জন্য ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে একটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের নুতন অটোবাইক অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এ অনুদান দেওয়া হয়।

এতে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে এক লক্ষ এবং রাণীশংকৈল উপজেলা পরিষদের তহবিল থেকে পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার অজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান, এন ডিসি অমিত কুমার সাহা, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে পিঁয়াজ আমদানী বন্ধ হলেও বন্দরের চারপাশের বিভিন্ন আড়ৎতে মজুদের অভিযোগ ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতে বন্যার অজুহাতে হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পিঁয়াজ রপ্তানী বন্ধ করে দেয়। এতে করে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ স্থলবন্দর দিয়েও বন্ধ হয়ে যায় পিঁয়াজ আমদানী। ফলে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও একদিনের ব্যবধানী কেজি প্রতি ৩০ টাকা পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধ হলেও বন্দর সংলগ্ন অন্তত ৮ টি গুদাম সহ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আড়ৎ গুলোতে মজুদ রাখা হয়েছে পিয়াঁজ। স্থানীয়দের দাবী প্রশাসন এসব আড়ৎগুলোতে অভিযান চালালেই দাম কমবে পিঁয়াজের।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দেশে যে পরিমান পিয়াজ আমাদানি হয় তার প্রায় ৪০ভাগ আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থল বন্দর দিয়ে। তবে সম্প্রতি ভারত হঠাৎ করে পিয়াজের দাম বৃদ্ধি ও পরে রপ্তানী নিষিদ্ধ করে।তবে সি এ্যান্ড এজেন্ট এ্যাসোসিয়েশনের কোন সদস্য নাম না প্রকাশ করার শর্তে জানান, গত ২৮ সেপ্টেম্বররের আগে যারা এলসি খুলেছে তাদের পিয়াজ বাংলাদেশে প্রবেশ এখনও অব্যহত রয়েছে এবং ভারতের মোহদিপুর বন্দরে কিছু পিঁয়াজভর্তি ট্রাক অবস্থান করছে। আর আমদানীকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দাবী হঠাৎ করে ভারত সরকার এ পণ্যটি রপ্তানী বন্ধ করে দেয়ায় তাদের ব্যপক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে।

এ ব্যাপারে মের্সাস মেহেদি ট্রেডাসের মালিক আতাউর রহমান জানান, তার গোডাউনে যে ২ ট্রাক পিঁয়াজ আছে তা সোমবার বাংলাদেশে এসেছে। পথিমধ্যে প্রবল বর্ষনের কারনে পিঁয়াজ গুলো ভিজে যাওয়ায় আনলোড করে শুকানোর পর আবারও মোকামে পাঠিয়ে দেয়া হবে। তিনি আরও জানান, স্টক করে দাম বৃদ্ধি নয় টানা বর্ষনের কারনে আমদানীকৃত পিঁয়াজ ভিজে যাওয়ায় সাময়িকভাবে বন্দর সংলগ্ন এ আড়তে শুকানোর জন্য রাখা হয়েছে । শুধু মের্সাস মেহেদী ট্রের্ডাসই নয় বন্দর সংলগগ্ন অন্যান্য আমদানীকারকরাও একই সুরে কথা বলেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, শুধু বন্দর এলাকার এক কিলোমিটারের মধ্যে অন্তত ৮ টি বড় বড় গোডাউন রয়েছে মজুদকৃত পিঁয়াজের। সেসাথে শিবগঞ্জ ও সদরের আড়ৎগুলোতেও রয়েছে পিঁয়াজের মজুদ । তাই স্থানীয়দের দাবী মজুদদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন এখনই ব্যবস্থা নিলে বাজারগুলোতে পিঁয়াজের দাম কমে যাবে।

অন্যদিকে পানামা পোর্ট লিংক লিমিটেড,সোনামসজিদ স্থল বন্দর শাখার পোর্ট ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান,
ভারত থেকে পিঁয়াজ রপ্তানী বন্ধের আদেশের পর সোমবার বন্দর থেকে ৮টি এবং মঙ্গলবার ২০ টি পিঁয়াজের ট্রাক বন্দর থেকে ছেড়ে গেছে।বর্তমানে গত ২ দিনে কোন পিঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ না করলেও ২৮ সেপ্টেম্বরের আগের অর্ডারের পিঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে যাচ্ছে আমদানীকারকরা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন সদর উপজেলার বিভিন্ন পাইকারী বাজারগুলোতে তাদের মনিটরিং আরম্ভ করলেও বড় বড় আড়ৎগুলো ও অন্যান্য উপজেলা গুলোতে এখনও অভিযান আরম্ভ করেনি।মঙ্গলবার সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে নামলে শহরে পিঁয়াজের মূল্য এক লাফে ১৫ টাকা কমে যায়।এ সময় আদালতের ম্যাজিষ্ট্রেট পিঁয়াজের দোকানগুলোকে অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য সর্তক করে দেয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন জানান,আদালত চলাকালে পিঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার সত্যতা পাওয়া যাওয়ায় ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয়েছে।এরপরও কাজ না হলে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজকির- উজ-জামান জানান,নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।ভবিষ্যতেও চালানো হবে এ অভিযান।পিঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সদর উপজেলার পাশাপাশি অন্যন্য উপজেলাগুলোতেও এ অভিযান অব্যাহত রাখা হবে।

প্রসঙ্গত ভারতীয় পিঁয়াজের দামবৃদ্ধি ও রপ্তানী স্থগিত হবার পরও আগষ্ট মাসে ২৩ হাজার ৪শ ৬২ টন ও সেপ্টেম্বর মাসে ২৩ হাজার ৩শ ১৬ টন পিঁয়াজ সোনামসজিদ বন্দর দিয়ে আমদানী হয়েছে বলে স্থল শুল্ক বন্দরের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান নিশ্চিত করেন।

এর আগে রোববার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশে পিঁয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ায় ঐদিনই দুপুর থেকে সোনামসজিদ বন্দর দিয়ে সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়।

ধামরাইয়ে ভাই ভাই বেকারী ও খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় খাবার হোটেল ও ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভাই ভাই বেকারীর মালিককে ২০ হাজার টাকা ও ছাব্বির খাবার হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক ।

এ সময় তিনি ভোক্তা আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের জন্য ভাই ভাই বেকারীকে ২০ হাজার টাকা ও পচাঁ, বাসি, নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ছাব্বির খাবার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়া ২০ দিনের মধ্যে পরিবেশের মানোন্নয়নের ও লাইসেন্স বানানোর জন্যও সতর্ক করা হয়েছে।

বেনাপোলের সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কটুক্তি করায় পোর্ট থানায় জিডি ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপমানজনক কটুক্তি করায় বুধবার ২রা অক্টোবর বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে।

পুলিশ ও সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, সোমবার ৩০শে সেপ্টেম্বর একই দিনে বিভিন্ন সময়ে জনৈক এম আহসানুর রহমান ইমন নামের একটি ফেসবুক আইডি থেকে বেনাপোলের সকল সাংবাদিকদের নামে একাধিকবার অপমানজনক কুরুচিপূর্ণ, দালাল,থানাবাজ,ফেন্সিখোর, মাদক সেবনকারি ও ছিনতাইকারী কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। যাহা অনেকেই শেয়ার ও কমেন্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। ফলে এই অঞ্চলের তথা শার্শা উপজেলা বেনাপোলে সকল সংবাদ কর্মীদের মান সম্মান ক্ষুন্নসহ সাংবাদিক ঐক্য পরিষদ বেনাপোল ও বিভিন্ন প্রেসক্লাবের ভাবমুর্তি নষ্ট হয়েছে।

এ ঘটনায় বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব ,সীমান্ত প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য পরিষদ বেনাপোলের বিভিন্ন সাংবাদিকবৃন্দ বাদী হয়ে বুধবার ২রা অক্টোবর দুপুরে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত সৈয়দ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক ঐক্য পরিষদের আহŸায়ক ও বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন, সাংবাদিক ঐক্য পরিষদের যগ্ম-আহবায়ক ও বেনাপোল প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব জামাল হোসেন ,সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও বেনাপোল প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব বকুল মাহবুব, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, সীমান্ত প্রেসক্লাব সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সবাই একই সুরে সবাই বলেন সাংবাদিকদের নিয়ে এরকম কুরুচিপূর্ণ স্ট্যাটাস সংবাদকর্মীদের জন্য নিরাপত্তাহীনতা, ঝুঁকিপূর্ণ, মানহানিকর, অপমানজনক। আমরা এর উপযুক্ত শাস্তি দাবি করছি, পাশাপাশি আগামীতে যেন এ অঞ্চলের সংবাদকর্মীদেরকে নিয়ে এভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপমানজনক ও কুরুচিপূর্ণ কথা না লিখতে পারে, যথাযথ কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে সুষ্ট ব্যবস্থা গ্রহণের আশা করে সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে। যদি এগুলো বন্ধ না হয় অথবা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হয় তবে ,সংগঠনের পক্ষ থেকে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সোনামসজিদ সীমান্তে ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিদিন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১০ বোতল ফেনসিডিল ও নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ বাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা উপচকপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে বাবুল
আক্তার বাবু (৩২)।

বুধবার রাত ৮ টার দিকে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করবে। খবর পাবার পর বিকেল ৩ টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শাহজাহান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর রাস্তার উপর থেকে ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে বাবুকে গ্রেপ্তার করে। এ সময় বাবুর সহযোগী একই এলাকার মো. মোতাহার হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম গাব্বু (৩৪) পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি আসামীসহ ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

সর্বশেষ আপডেট...